ঘোড়া, গরু, মহিষ, হাতি, গাধাসহ অনেক প্রাণীর পিঠেই চড়তে দেখা গেছে মানুষকে। দেবদেবীদের ছবিতে বাঘ, সিংহের মতো হিংস্র প্রাণীকেও বাহন হিসেবে দেখা যায়। তবে এবার হাঙরের পিঠে চড়ে সমুদ্র ভ্রমণের খবর পাওয়া গেল!
আল মদিনা নিউজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিওতে এমনটাই দেখা গেছে।
সেখানে দেখা যাচ্ছে, একটি ছোট ফিশিং বোটের সামনের দিকে পা ঝুলিয়ে বসে রয়েছেন এক যুবক। আর আশপাশে ঘুরে বেড়াচ্ছে কিছু হোয়েল শার্ক বা হাঙর।
এই পরিস্থিতির সঙ্গে পরিচিত না হলে যে কেউ পা দু’টি পানির উপর তুলে নেবেন। কিন্তু এই যুবক করলেন উল্টোটা। তিনি বোটের সামনে চলে আসা একটি হোয়েল শার্কের উপর লাফিয়ে পড়েন। উপর থেকে যদি কোনও ঘোড়ার উপরে কেউ লাফ দিয়ে চড়ে বসেন, ঠিক তেমন ভাবেই। আর সেই হোয়েল শার্কটিও যেন বিশেষ ‘রাগ’ করেনি। ওই যুবককে পিঠে নিয়েই ঘুরে বেড়াচ্ছে, এমনকি পানির গভীরেও যাচ্ছে না, দিব্যি একই ভাবে এগিয়ে যাচ্ছে।
তবে এই হোয়েল শার্ক অন্যান্য হাঙরের মতো আদৌ আক্রমণাত্মক নয়। আর এই যুবক প্রথম নন, যিনি এমন ভাবে হোয়েল শার্কের পিঠে চড়ে বসলেন। অনেকেই এই কাজ করে থাকেন। হোয়েল শার্ক ৮০ থেকে ১৩০ বছর বাঁচে, দৈর্ঘ্যে প্রায় ৬২ ফুটের মতো হয়। এরা খুব মিশুকে প্রাণী বলেই জানা যায়।
