বার্সেলোনার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলস্কোরার লুইস সুয়ারেজ। কিন্তু গেল বছর থেকেই উরুগুইয়ান তারকা নানা সমালোচনার শিকার হচ্ছেন। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ২-৮ গোলে হারের পর তো কাতালান ক্লাবে তার ভবিষ্যৎ নিয়েও নানা গুঞ্জন চলছে। একাধিক ক্লাব তাকে লুফে নিতে তৈরি বলেও জানা যাচ্ছে। কিন্তু সুয়ারেজ পরিষ্কার বলে দিচ্ছেন, তিনি ন্যু ক্যাম্পেই থাকতে চান।
যখন জানা যাচ্ছে নতুন মৌসুমে সুয়ারেজ বার্সার পরিকল্পনায় নেই, তখন এই তারকা নিজে বলছেন ভিন্ন কথা। ‘ক্লাবের পক্ষ থেকে কেউ আমাকে বলেনি যে তারা আমাকে ছেড়ে দিতে চায়।’- বলেন সুয়ারেজ।
বার্সায় পরিবর্তন বলতে গেলে শুরু হয়ে গেছে এরই মধ্যে। ‘বায়ার্ন ট্র্যাজেডি’র পর কোচ কিকে সেতিয়েন ও স্পোর্টিং ডিরেক্টর এরিক আবিদাল ছাঁটাই হয়েছেন। নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন রোনাল্ড কোম্যান।
বার্সায় থেকে গেলেও নতুন কোচের পরিকল্পনায় সুয়ারেজ প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা সেটিও প্রশ্ন। তবে স্প্যানিশ পত্রিকা এল পাইসকে সুয়ারেজ বলছেন, বদলি হিসেবে খেলতে হলেও তার আপত্তি নেই।
বলেন, ‘অবশ্যই আমি তা মেনে নেব, যেমনটা ক্যারিয়ারে সব সময় করেছি। দলে জায়গার লড়াই সব সময়ই ভালো দিক। কোচ যদি মনে করেন আমার বেঞ্চ থেকে শুরু করা উচিত, সেই দায়িত্বে দলকে সাহায্য করতে আমার কোনো সমস্যা নেই।’
সুয়ারেজ আরো বলেন, ‘আমি মনে করি এখনো এই ক্লাবকে অনেক কিছু দেওয়ার সামর্থ্য আছে আমার।’
