গাজীপুরে দাম্পত্য কলহের জেরে এসিড নিক্ষেপ করে ঘুমন্ত স্ত্রীর শরীর ঝলসে দিয়েছে স্বামী। এ ঘটনায় পুলিশ ওই নারীর স্বামীকে আটক করেছে। তার নাম আব্দুল আলীম (৩০)। বাড়ি সিরাজগঞ্জের শাহাজাদপুর থানার চরদুবালী গ্রামে।
কোনাবাড়ি থানার এসআই মাইকেল বণিক জানান, কোনাবাড়ি থানার বাইমাইল নওয়াব আলী মার্কেট এলাকার আমিরের বাড়িতে স্ত্রী ডালিমা খাতুন (২৫) ও সন্তানকে (৪) নিয়ে ভাড়া থাকেন আব্দুল আলীম। বেশ কিছুদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলে আসছে।
গত শুক্রবার রাতেও আলীম ও ডালিমার বাগ্্বিতন্ডা হয়। এর জেরে মধ্যরাতে আলীম তার ঘুমন্ত স্ত্রীর শরীরে এসিড ছুড়ে মারে। এতে ডালিমার কাঁধ ও পিঠসহ শরীরের বিভিন্ন স্থান দ্বগ্ধ হয়। স্থানীয়রা ডালিমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আলীম স্ত্রীকে এসিড ছোড়ার কথা পুলিশের কাছে স্বীকার করেছে।
