কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির সভাপতি, পাবলিক প্রসিকিউটর ও প্রস্তাবিত জেলা আওয়ামী লীগ কমিটির সহসভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর পুরোনো একটি ফাইল ছবিসহ আপত্তিকর মন্তব্য করে ফেইসবুকে পোস্ট করার অভিযোগে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে (প্রযুক্তি নিরাপত্তা আইনে) মামলা হয়েছে কুষ্টিয়া মডেল থানায়।
শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আবু সাইদ বাদী হয়ে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এল কবির তুহিনের নামোল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৪/৫জনের বিরুদ্ধে আনীত অভিযোগের এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে বলে নিশ্চিত করে মডেল থানার পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বাদী শেখ আবু সাঈদ তার ফেইসবুক আইডি অ্যাকটিভ করলে দেখতে পান ‘এম এল কবির তুহিন’ নামক একটি ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও রাজাকার আলবদর শাহ আজিজুর রহমান ও তৎকালীন বিএনপির কিছু নেতৃবৃন্দের সঙ্গে বিকৃত ছবি দিয়ে তাতে গোলবৃত্ত আকারে কুষ্টিয়া জেলা জজ আদালতের পিপি ও আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. অনুপ কুমার নন্দীকে নিয়ে বিভিন্ন অসত্য, মিথ্যা ও ভুয়া তথ্য সরবরাহ করে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে। যা অ্যাড. অনুপ কুমার নন্দীকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র।
এজাহারে বাদী শেখ মো. আবু সাঈদ দাবি করেন, অ্যাড. অনুপ কুমার নন্দী কখনোই কোন স্বাধীনতা চেতনাবিরোধী সামাজিক বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এম এল কবির তুহিনের এই ফেইসবুক পোস্ট সম্পূর্ণভাবে ষড়যন্ত্রমূলক। এম এল কবির তুহিনের এই মিথ্যাচার জেলা আইনজীবী সমিতির প্রতিটি সদস্যের সম্মানহানি হয়েছে বলে এজাহারে দাবি করেন বাদী। তাই সমিতির পক্ষে বর্তমান সাধারণ সম্পাদক শেখ মো. আবু সাঈদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
এ বিষয়ে কথা বলতে সাবেক ওই ছাত্রলীগ নেতার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, শেখ আবু সাঈদ বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় করা ডিজিটাল মামলাটির তদন্ত করছে পুলিশ। ফেইসবুক আইডিতে পোস্ট করা আপত্তিকর মন্তব্যের সঙ্গে যারাই জড়িত তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।
