দেবর পরিচয়ে বিকেলে এক যুবককে বাসায় নিয়ে আসার পর রাতেই তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাতে সাভার উপজেলার জিঞ্জিরা এলাকার বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তারের (৩৪) কক্ষ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাইজুল ইসলাম (৩৫) নামে ওই যুবকের বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার বাউশা হাকাটিপাড়া গ্রামে। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থেকে একটি কোম্পানিতে চাকরি করতেন আর খাদিজা মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী গ্রামের চাঁন মিয়ার মেয়ে।
নাম প্রকাশ অনিচ্ছুক বিল্লালের বাড়ির এক ভাড়াটিয়া বলেন, খাদিজা দীর্ঘদিন ধরে ওই বাড়িতে ভাড়া থাকলেও নিয়মিত এখানে বসবাস করতেন না। দুই-তিন দিন পরপর তার কোনো খোঁজখবর পাওয়া যেত না এবং হঠাৎ ভিন্ন ভিন্ন পুরুষ নিয়ে বাসায় ফিরতেন। শনিবার বিকেলে দেবর পরিচয়ে ওই যুবককে বাসায় নিয়ে আসেন খাদিজা। এরপর রাতে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত জানান, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
