হেলিকপ্টারে ঢাকায় আনা হলো করোনা আক্রান্ত এমপি মনসুরকে

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০২:৫৭ পিএম

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য (এমপি) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমানকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

সোমবার জরুরি ভিত্তিতে রাজশাহী থেকে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারযোগে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

বিমান বাহিনীর ভেরিফায়েড ফেইসবুক পেজে আরও বলা হয়, ঢাকা আনায় পর এমপিকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

এর আগে শনিবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের ল্যাবে নমুনা পরীক্ষায় এমপি মনসুরের করোনা পজিটিভ আসে।

বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের অংশ হিসেবে বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সেবা পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত রেখেছে।

এর আগেও করোনা আক্রান্ত বেশ কয়েকজন মন্ত্রী-এমপি, চিকিৎসক ও সরকারি কর্মকর্তাকে বিমান বাহিনীর  বিশেষ হেলিকপ্টারে ঢাকায় আনা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত