আইন সংশোধনে কপিরাইট অফিসে গীতিকবি সংঘের চিঠি

আপডেট : ২৪ আগস্ট ২০২০, ০৮:৪৪ পিএম

কপিরাইট আইন সংশোধনের আহ্বান জানিয়ে বাংলাদেশ কপিরাইট অফিসে চিঠি দিয়েছে ‘গীতিকবি সংঘ’।

সোমবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রবিবার সন্ধ্যায় কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরীর সাথে গীতিকবি সংঘ সমন্বয় কমিটির চার সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে এই চিঠি হস্তান্তর করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সাক্ষাতে গীতিকবিদের নৈতিক ও আর্থিক অধিকার আদায়ে গীতিকবি সংঘের সাংগঠনিক অবস্থান, সংগীতাঙ্গনে বিরাজমান অস্থিরতা নিরসনে সংঘের ভূমিকা ও অবস্থান, সকল পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ তৈরির প্রচেষ্টা, কপিরাইট আইনের নানা দিকসহ গীতিকবিদের অপ্রাপ্তি ও বঞ্চনার বিষয়ে দীর্ঘ আলোচনা হয়।  

এ সময় গীতিকবিদের প্রতিনিধিত্বমূলক সংগঠন হিসেবে গীতিকবি সংঘের প্রতিনিধিরা কপিরাইট আইনে গীতিকবিসহ সকল সুরকার, কণ্ঠশিল্পী, যন্ত্রশিল্পী, প্রযোজক ও মিউজিক লেবেলের ন্যায্য স্বার্থ বিষয়ে  শ্রদ্ধাশীল থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং আলোচনার পরিবেশ তৈরিতে সংঘের প্রচেষ্টার কথা তুলে ধরেন।

রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী কপিরাইট আইন নিয়ে গীতিকবি সংঘের আগ্রহ ও পর্যালোচনার প্রশংসা করেন এবং সংগীতাঙ্গনে গীতিকবিসহ সকল পক্ষের স্বার্থ নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

কপিরাইট অফিসের ডেপুটি রেজিস্ট্রার মুহাম্মদ রায়হানুল হারুনও আলোচনায় অংশ নেন। গীতিকবি সংঘের প্রতিনিধি দলে ছিলেন হাসান মতিউর রহমান, আসিফ ইকবাল, কবির বকুল ও জুলফিকার রাসেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত