চট্টগ্রামের বাঁশখালীতে সরকারি অফিস চলাকালে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখার অভিযোগে এক চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমানের নেতৃত্বে পরিচালিত আদালত কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার আবুল খায়ের আজাদকে এ জরিমানা করে।
সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আতিকুর রহমান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকের অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে আবুল খায়ের আজাদকে জরিমানা করা হয়।
তিনি জানান, এই চিকিৎসকের চেম্বারের পাশে সাইন বোর্ডে লেখা আছে রবিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রোগী দেখা হয়।
কক্সবাজার সদর হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসক আজাদ চার বছর আগে বাঁশখালী হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে কক্সবাজার সদর হাসপাতালে বদলি করা হলেও বাঁশখালীতে তিনি নিয়মিত চেম্বার করে যাচ্ছেন।
বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, ডাক্তার আবুল খায়ের আজাদ কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার। তিনি হাসপাতালের দায়িত্ব ফেলে বাঁশখালীতে প্রাইভেট চেম্বারে রোগী দেখছেন। একই সঙ্গে তিনি যে প্যাড ব্যবহার করছেন তাতে লেখা ছিল বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার। এজন্য তাকে জরিমানা করা হয়েছে।
