নামের মিলে কারাগারে লিটন মুক্তি চেয়ে রিট

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৩:২০ এএম

পলাতক ও সাজাপ্রাপ্ত এক আসামির সঙ্গে নামের মিলের কারণে ভোলার মো. লিটন নামে এক দিনমজুরকে প্রায় আট মাস ধরে কারাগারে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। গতকাল সোমবার মানবাধিকার ও আইনি সহায়তা সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পক্ষে এ আবেদনটি করা হয়। গত ২২ আগস্ট একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত প্রতিবেদন যুক্ত করে এ রিট আবেদনটি করেন আইনজীবী মো. শাহীনুজ্জামান ও ইয়াদিয়া জামান।

অ্যাডভোকেট ইয়াদিয়া জামান জানান, আবেদনে লিটনের পরিচয় নিশ্চিতে তাকে ভার্চুয়ালি কিংবা সশরীরে হাইকোর্টে হাজির করা এবং যাচাই শেষে তার কারামুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। কার্যতালিকায় আসলে বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চে এর ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি। আসকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এ মামলায় শুনানি করবেন।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, সাজাপ্রাপ্ত লিটন ও কারাগারে যাওয়া দিনমজুর লিটনের নাম-ঠিকানা একই। দুজনেরই বাবার নাম নুর ইসলাম এবং তারা মারা গেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত