শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি: ইরফান

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০৭:২৫ পিএম

ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বিশ্বাস, কিংবদন্তি শচিন টেন্ডুলকারের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন বিরাট কোহলি। বর্তমান ভারত অধিনায়কের যে ফিটনেস ও সামর্থ্য, তাতে এটা অসম্ভব নয় বলে মনে করেন পাঠান।

‘আমি নিশ্চিত, কোহলি হয়তো ১০০ সেঞ্চুরি নিয়ে কোনো কথা বলছে না। তবে শচিন টেন্ডুলকারের পর যদি কেউ এটা অর্জন করে সেটা কোহলিই হবে।’ স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে বলেছেন ইরফান।

ইরফান পাঠান আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছরেই কোহলি ৭০টি সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন। সত্যিই ও যে গতিতে ছুটছে তাতে কোথায় শেষ করবে বলা কঠিন। কোহলির ফিটনেস ঈর্ষণীয়। সেই কারণেই কোহলি চাইলে দীর্ঘদিন ব্যাটিং চালিয়ে যেতে পারবে। আগামী কয়েক বছরেই সে শচিনের ১০০ সেঞ্চুরির রেকর্ড ভেঙে দিতে পারে।’

কোহলির বয়স এখন ৩১ বছর। ২০০৮ সালের ১৮ আগস্ট তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর অনেক চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ব ক্রিকেটকে এখন কিং কোহলি।

একের পর এক মাইলস্টোন স্পর্শ করেছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১২ বছরে ৮৬ টেস্ট খেলে ২৭ টি ও ২৪৮ ওয়ানডে খেলে ৪৩টি শতক হাঁকিয়েছেন কোহলি। কিংবদন্তি শচিন টেন্ডুলকরের এক শ সেঞ্চুরি থেকে আর মাত্র ৩০ সেঞ্চুরি দূরে রয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত