ভারতীয় বোর্ডের সমালোচনা করে পিসিবির ধমক খেলেন সাকলায়েন

আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৭:১৬ পিএম

মহেন্দ্র সিং ধোনির অবসরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সাকলায়েন মুশতাক। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানি কিংবদন্তি ধোনির প্রশংসা করেন। কিন্তু বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেছিলেন। যা ভালোভাবে নেয়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সাবেক স্পিনারকে তাই সতর্ক করেছে সংস্থাটি। সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে এমনটা জানিয়েছে।

বর্তমানে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেটারদের হাই পারফরম্যান্স ডেভেলপমেন্ট গ্রুপের প্রধান হিসেবে কাজ করছেন সাকলায়েন। পিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ থাকা অবস্থায় ভারতের কোনো ক্রিকেটারের প্রশংসা করা বা ভারতীয় বোর্ডের কোনো কার্যক্রম নিয়ে কথা বলায় বিধিনিষেধ রয়েছে। সেটি ভঙ্গ করাতেই সাকলায়েনকে সতর্ক করেছে পিসিবি।

এদিকে সংবাদমাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তানি কোচদের ইউটিউব চ্যানেল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ কোনো কোচ নিজের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের ভিডিও প্রকাশ করতে পারবে না বলে জানিয়েছে পিসিবি।

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা বেশ কিছুদিন ধরেই ইউটিউবে বেশ অ্যাকটিভ। বিশেষ করে সাবেক তারকাদের প্রায় সবারই রয়েছে নিজস্ব চ্যানেল। যেখানে নিয়মিত নিজেদের মতামত প্রদান করেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত