বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রস্তুতই ছিলেন মেসি। চূড়ান্ত ঘোষণা দিয়েছেন রোনাল্ড কোম্যানের সঙ্গে কথা বলার পর। তারও আগে থেকে সম্ভাব্য গন্তব্য ঠিক করে রেখেছিলেন কি? স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবর তাই বলছে। কারণ, সপ্তাহখানেক আগে থেকেই ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে আলাপ করেছিলেন মেসি। আর এবার সেই ক্লাব থেকেই মেসিকে তিন বছরের চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর।
রেডিও কাতালুনিয়ার খবর, মেসির সাবেক বস গার্দিওলা মেসিকে সিটিতে তাকে নিয়ে কী পরিকল্পনা করেছেন তা জানান। তিন বছরের চুক্তির পাশাপাশি পরের বছর সিটির যুক্তরাষ্ট্রভিত্তিক ক্লাব নিউ ইয়র্ক সিটি এফসিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছে মেসিকে। মেসির জন্য প্রয়োজনে ৩০০ মিলিয়ন ইউরো খরচ করার সামর্থ্যরে কথা জানান গার্দিওলা। এরপরই নাকি বার্সাকে বিদায় বলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন মেসি।
সিটির আগে মেসিকে পেতে ম্যানচেস্টার ইউনাইটেড চেষ্টা করেছিল। মেসির মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেও সিটির কাছে হেরে যায় তারা। এ ছাড়া পিএসজিতে নেইমারের সঙ্গে মেসি ও লুইস সুয়ারেজকে এনে আবারও এমএসএন করার সংবাদও প্রচার হয়। কিন্তু সবচেয়ে এগিয়ে আছে মেসির সিটিতে যাওয়ার সম্ভাবনা।
