চট্টগ্রাম নগরীতে বিভিন্ন এলাকায় বাজার তদারকিমূলক অভিযান চালিয়ে আটটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার নগরীর কোতোয়ালি, খুলশী ও পাহাড়তলী থানা এলাকায় এ অভিযান চালানো হয়। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনা করেন।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান জানান, অভিযানে ৮ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় মোট ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ৪টি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির দায়ে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
প্যাকেটজাত খাদ্যদ্রব্যের মেয়াদ না থাকায়, মাছের দোকানে ওজন কারচুপি করায় এবং মেয়াদোত্তীর্ণ কোমলপানীয় রাখাসহ বেকারি পণ্য অস্বাস্থ্যকরভাবে উৎপাদন করায় আরও ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
