বগুড়ার নন্দীগ্রামে পুকুরের পানিতে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা হলেন তুলাশন গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৫) ও তার ছেলে শরিফুল ইসলাম (২৬)।
শুক্রবার সকাল ৯ টার দিকে নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের তুলাশন গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, গ্রামের সোয়া দুই একর জায়গায় বিরোধপূর্ণ একটি পুকুরে মাছ চাষ করেন শাহিন আলম। মাছ চুরি ঠেকাতে তিনি রাতে পুকুরের পানিতে কাঁটাতারের সাহায্যে বিদ্যুতায়িত করে রাখেন।
সকালে ওমর ফারুক (১০) ও সিনহা খাতুন (৮) নামে দুই শিশু পুকুরে রাখা নৌকায় উঠতে গেলে তারা পুকুর পাড়ে ছিটকে পড়ে যায়। দুই শিশুকে ছিটকে পড়তে দেখে মোফাজ্জল হোসেন কারণ অনুসন্ধানের জন্য পুকুরের পানিতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চিৎকারে ছেলে শরিফুল বাবাকে উদ্ধার করতে পুকুরে নামলে দুজনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই মারা যান।
পরে গ্রামবাসী তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনার পর পরই পুকুরের মালিক শাহিন আলম বাড়িতে তালা দিয়ে সপরিবারে পালিয়ে যান।
ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম জানান, শাহিন আলম ও তার পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। নিহত বাবা-ছেলের পরিবার থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
