স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

চিলাহাটি-হলদিবাড়ি রেল যোগাযোগ চালু হবে : রেলমন্ত্রী

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০২:০৭ এএম

রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, ভারত ও বাংলাদেশ যৌথভাবে আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর (সুবর্ণজয়ন্তী) পূর্তি পালন করবে। একই দিন (২৬ মার্চ) বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ি হয়ে ভারত-বাংলাদেশ রেল যোগাযোগ শুরু হবে। সেদিন দুই দেশের প্রধানমন্ত্রী এ রুটে রেলপথ যোগাযোগের উদ্বোধন করবেন। গতকাল শুক্রবার বিকেলে চিলাহাটি-হলদিবাড়ি রেলপথ পরিদর্শনকালে নীলফামারীর ডোমার উপজেলার  ডাঙ্গাপাড়া সীমান্তের ৭৮২নং পিলারের কাছে  এসব কথা বলেন রেলমন্ত্রী।

করোনাভাইরাসের কারণে এ প্রকল্পের কাজ কিছুটা পিছিয়ে যাওয়ায় বাংলাদেশ অংশে দেড় কিলোমিটার এবং ভারত অংশের ২০০ মিটার কাজ অসম্পূর্ণ রয়েছে উল্লেখ মন্ত্রী বলেন, ‘চলতি সপ্তাহে বাংলাদেশ অংশের কাজ শেষ হবে। আশা করছি আগামী ডিসেম্বরের আগেই আমাদের অংশের প্রকল্পের সব নির্মাণকাজ সম্পন্ন করে উদ্বোধনের জন্য আমরা প্রস্তুত থাকব। ভারতের অংশে যেটুকু (২০০ মিটার) কাজ বাকি আছে তাদের সঙ্গে যোগাযোগ করে ডিসেম্বরের মধ্যে তা সম্পন্ন করার অনুরোধ জানানো হবে। তিনি আরও বলেন, করোনা মহামারী অতিক্রম করতে পারলে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেটি উদ্বোধন হবে। আর যদি সম্পূর্ণ নিরাপদ না হয়, তাহলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হবে। সুজন বলেন, ‘অবিভক্ত ভারতের রেল যোগাযোগের এটিই প্রধান পথ ছিল। পাকিস্তান-ভারত ভাগ হওয়ার পরও ১৯৬৫ সাল পর্যন্ত সেটি চালু ছিল। কলকাতা থেকে এ পথে ট্রেন চলাচল করত। সেই রেল যোগাযোগটি ১৯৬৫ সালের পাকিস্তান-ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যে সোনালি অধ্যায়ের সূচনা করেছেন তারই ফলে এ রেলপথ পুনরায় চালুর কার্যক্রম শুরু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত