চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আটক

আপডেট : ২৯ আগস্ট ২০২০, ০৬:২৪ পিএম

সরকারি উন্নয়নকাজে বাধা ও ওই কাজের ঠিকাদারকে মারধর করে চাঁদা দাবির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকেলে সাঁথিয়া থেকে তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছু দিন ধরে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ নানাভাবে সরকারি কাজে বাধা দিয়ে আসছিল। এর জেরে শনিবার বিকেলে এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে মারধর করেন।

পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। 

ওসি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার জানান, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই ছানা মাঝেমধ্যেই চাঁদা দাবি করেন। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেন। এর আগেও তিনি জোরপূর্বক কাজ বন্ধ করে দেন। শনিবার তিনি প্রকাশ্যে আমাকে পিটিয়েছেন ।

এ ব্যাপারে এম এম বিল্ডার্স কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

 সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সম্পাদক ছানার বিরুদ্ধে ভূমিদখল, জলমহাল দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত