রাজধানীর জুরাইনে প্রাইভেটকারের ধাক্কায় আপন (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গ্রামের বাড়িতে পড়ালেখা করলেও বর্তমানে করোনা পরিস্থিতিতে তিনি দিনমজুরের কাজ করতেন। রবিবার বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ফকিরপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে আপন। থাকতেন মুন্সিগঞ্জের শ্রীনগরে।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সাগর জানান, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় গত দু'দিন আগে ঢাকায় আসে দিনমজুরের কাজ নেয় তারা। রবিবার সকাল থেকে ঢাকা টু মাওয়ার জুরাইনের রাস্তার কাজ করছিলেন তারা।
বিকালে জুরাইন ফ্লাইওভারে কাজ করার সময় একটি প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পরে গুরুতর আহত হন আপন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
