সাজন: ২৯ বছর পূর্তিতে কারণ জানালেন মাধুরী

আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৫:০২ পিএম

১৯৯১ সালে মুক্তি পায় মাধুরী দীক্ষিত, সঞ্জয় দত্ত ও সালমান খান অভিনীত ‘সাজন’। রবিবার ব্লকবাস্টার ছবিটি ২৯ বছর পূর্ণ করেছে। ওই দিন অভিনেত্রী স্মৃতি ভাগাভাগি করে নিলেন ভক্তদের সঙ্গে। জানালেন, কেন সিনেমাটি করতে রাজি হয়েছিলেন।

ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন ‘সাজন’ ছবির একটি দৃশ্যের স্টিল। সেখানে একই ফ্রেমে দেখা যাচ্ছে মাধুরী-সঞ্জয়-সালমানকে।

ছবিটি পোস্ট করে লেখেন, “চিত্রনাট্য পড়েই স্থির করে ফেলেছিলাম এই ছবির অংশ হবো। গল্প ভীষণ রোম্যান্টিক ছিল এবং সংলাপ ছিল কাব্যিক। সংগীত তো অসাধারণ ছিলই।”

‘সাজন’ ছবিতে সঞ্জয় দত্তকে দেখা গিয়েছিল এক এতিমের ভূমিকায়, যাকে দত্তক নিয়েছিলেন সালমান খানের মা-বাবা। বড় হয়ে সাগর ছদ্মনামে প্রখ্যাত কবি হয়ে ওঠেন সঞ্জয়। মাধুরী দীক্ষিতকে দেখা যায় কবি সাগরের অন্ধ ভক্ত হিসেবে। সাগর-পূজার প্রেম যখন ধীরে ধীরে পাপড়ি মেলতে শুরু করে, তখনই তাদের মধ্যে চলে আসেন সালমান খান। শুরু হয় ত্রিকোণ প্রেমের কাহিনি।

লরেন্স ডি সুজা পরিচালিত ‘সাজন’ ১৯৯১ সালের সর্বোচ্চ ব্যবসা করা বলিউড ছবি। দেখা হ্যায় পেহলি বার থেকে শুরু করে তুমসে মিলনে কি তামন্না হ্যায়, কিংবা বহত প্যায়ার করতে হ্যায়, তু শায়ার হ্যায়, জিয়ে তো জিয়ে ক্যায়সে— প্রতিটি গানই চূড়ান্ত জনপ্রিয়তা পায়। ২৯ বছর পেরিয়ে আজও এই সব গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত