ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্ব ও ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। গতকাল মঙ্গলবার এক ভাষণে এ কথা বলেন তিনি।
খামেনি বলেন, অবশ্যই সংযুক্ত আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা বেশিদিন স্থায়ী হবে না কিন্তু এ কলঙ্ক সবসময় স্মরণে থাকবে। তারা ফিলিস্তিনকে ভুলে গিয়ে ওই জায়নবাদী দেশটিকে এ অঞ্চলে পা রাখার অনুমতি দিয়েছে। তিনি আরও বলেন, মুসলিম বিশ্ব, আরব জাতি ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে এ বিশ্বাসঘাতকতার জন্য আমিরাতিরা চিরকাল অপমানিত হবে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনারসহ ঊর্ধ্বতন মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল, চুক্তি ঘোষণার পর সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বড় ধরনের পদক্ষেপের সূচনা করে আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে যাওয়ার পর খামেনি এ মন্তব্য করলেন। কুশনারকে নির্দেশ করে খামেনি বলেন, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলি ও ট্রাম্প পরিবারের ইহুদি সদস্যের মতো শয়তান আমেরিকানদের সঙ্গে মিলে মুসলিম বিশ্বের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমি আশা করছি, আমিরাতিরা জেগে উঠবে এবং যা করেছে তার জন্য ক্ষতিপূরণ দেবে।
