বিএনপি নেতা দুলু ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০২:২০ এএম

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিনের ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুজনের ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।

দুদক পরিচালক প্রণব জানান, নাটোর-২ আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে টেন্ডারবাজি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের একটি অভিযোগ কমিশনে অনুসন্ধান চলছে। এই অনুসন্ধানের অংশ হিসেবে ব্যাংক হিসাবে থাকা এসব অর্থ জব্দ করা হয়। তিনি আরও জানান, দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. শফি উল্লার অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দুলু ও তার স্ত্রী সাবিনার নামে থাকা বিভিন্ন ব্যাংক হিসাবে ৭ কোটি ৩৬ লাখ ৮৫ হাজার ৭৮৪ টাকা জব্দ করে। দুলু চারদলীয় জোট সরকারের সময় ভূমি উপমন্ত্রী ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত