পাবনা সুগার মিল

বকেয়া বেতন-ভাতার দাবিতে জিএমকে মারধরের অভিযোগ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:০৩ এএম

পাবনার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ায় পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) সিদ্দিক আলীকে মারধরের অভিযোগ উঠেছে। মিল কর্তৃপক্ষের দাবি, গতকাল মঙ্গলবার সকালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে উত্তেজিত শ্রমিক-কর্মচারীরা সিদ্দিক আলীর ওপর হামলা চালায়। এ সময় তাকে উদ্ধারে মিলের চার কর্মকর্তা এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করা হয়। মিলের একাধিক সূত্র জানায়, ছয় মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন আন্দোলন চালিয়ে আসছিল কর্মরত শ্রমিক ও কর্মচারীরা। গতকাল সকালে কয়েকশ শ্রমিক-কর্মচারী একত্রিত হয়ে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা মিছিল সহকারে জিএম সিদ্দিক আলীর কাছে বেতন-ভাতা না দেওয়ার কৈফিয়ত জানতে চায়। একপর্যায়ে মিলের সিবিএ সদস্য কবিবুর রহমান কবীরের নেতৃত্বে শ্রমিক মঞ্জুরুল হক মঞ্জু ও আবুল কাশেম উত্তেজিত হয়ে সিদ্দিক আলীকে বেধড়ক মারপিট করে আহত করে। এ সময় তাকে উদ্ধারে মিলের উপব্যবস্থাপক (বাণিঃ) কুদরত-ই-খুদা, লেবার অফিসার আনিসুর রহমান, নিরাপত্তা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম ও স্টোর অফিসার জামাল হোসেন এগিয়ে এলে তাদেরও লাঞ্ছিত করা হয়। পরে সিদ্দিক আলীকে উদ্ধার করে মিলের মেডিকেলে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

পাবনা সুগার মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীন বলেন, ‘বকেয়া বেতন-ভাতার দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এমডি সাহেবের অফিসের সামনে যায় শ্রমিক-কর্মচারীরা। সেখানে বেশি ভিড় থাকায় ধাক্কা লেগে জিএম স্যার পড়ে যেতে পারেন।’

পাবনা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘দোষীদের চিহ্নিত করা হয়েছে। অচিরেই তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত