ঢাকা-১৮ উপনির্বাচন

নাজমা মনোনয়ন না পেলে নেতাকর্মীদের পদত্যাগের ঘোষণা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৩:২০ এএম

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে আহসান হাবীবের মনোনয়নের খবরে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে কয়েকশ অনুসারী নিয়ে অবস্থান নেন মনোনয়নপ্রত্যাশী যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার। সেখানে ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাহেরা খাতুন লুৎফা বলেন, ‘আমরা আমাদের ত্যাগী নেত্রী নাজমা আক্তারের ঢাকা-১৮ আসনে মনোনয়নের সমাধান চাই। তা না হলে সংগঠন থেকে প্রয়োজনে পদত্যাগ করে ঘরে ফিরব।’

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুনের মৃত্যুতে ওই আসনটি শূন্য হয়। এ আসনে উপনির্বাচনে দলের মনোনয়নপ্রত্যাশী নাজমা আক্তারসহ ৫৬ জন মনোনয়নপত্র কেনেন। গত রবিবার বিকেল ৪টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হয়। সভায় পাবনা-৪ আসনের মনোনয়ন ঘোষণা করা হলেও ঢাকা-১৮সহ বাকি চারটি শূন্য আসনে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়নি।

এর মধ্যে ঢাকা-১৮ আসন থেকে আহসান হাবীব মনোনয়ন পেয়েছেন গতকাল এমন খবর ছড়িয়ে পড়ে। পর বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এলে যুব মহিলা লীগের নেত্রীরা দেখা করার চেষ্টা করে ব্যর্থ হন। এর পর থেকে নাজমা আক্তারের অনুসারী নেতাকর্মীরা সেখানে জড়ো হতে থাকেন। 

এ বিষয়ে জানতে চাইলে নাজমা আক্তার বলেন, ‘যুব মহিলা লীগের কিছু নেতাকর্মী এখানে অবস্থান নিয়েছেন। আমি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করতে এসেছি। সংগঠনের মেয়েরা উনার সঙ্গে দেখা করার আগ্রহ নিয়ে এখানে এসেছেন। তারা মনোনয়নের ব্যাপারে জানতে চান। সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ওবায়দুল কাদের দেখা করেননি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত