সহসাই শুরু হচ্ছে বঙ্গবন্ধুর বায়োপিক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:০২ পিএম

বেশ আয়োজন করে বছরের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকের শিল্পী নির্বাচন হয়। প্রকাশ হয় প্রাথমিক তালিকা। মার্চের দৃশ্যায়ন শুরুর কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে যায়।

তবে শ্যাম বেনেগাল পরিচালিত সেই ছবির কাজ শিগগিরই শুরু হচ্ছে। এ ছাড়া ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় হবে মুক্তিযুদ্ধের ওপর প্রামাণ্যচিত্র। এমনটা জানালেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের বিদায়ী সাক্ষাতের পর এক প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, “একইসাথে আপনারা জানেন, ভারত এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ রয়েছে, তবে খুব সহসাই কাজ শুরু হবে। আমরা খুব শিগগিরই দু’দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মও তৈরি করবো।”

তথ্যমন্ত্রী এ সময় সদ্যপ্রয়াত ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করেন ও তার প্রয়াণে আবারও গভীর শোক জানান।

ড. হাছান বলেন, “হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশের ঢাকা অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। বিশেষ করে বহু বছরের আলাপ আলোচনার পর গত বছর থেকে ভারতে প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) পুরো ভারতবর্ষে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যাচ্ছে। একইসাথে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সেখানে সম্প্রচার হচ্ছে। এগুলো বড় কাজ, বহু বছর ধরে যা নিয়ে আলাপ আলোচনা চললেও আগে জট খোলেনি। সমস্ত জট খুলে এগুলো করতে আমরা সক্ষম হয়েছি।”

এ দিকে বায়োপিকে অভিনয়ের জন্য প্রাথমিকভাবে মনোনীত হিসেবে বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও ছোটবেলার চরিত্রে দীঘি, আব্দুল হামিদ খান ভাসানীর চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দিন আহমেদের চরিত্রে ফেরদৌস, এ কে ফজলুল হকের চরিত্রে শহীদুল আলম সাচ্চু, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে তৌকির আহমেদ, খন্দকার মোশতাক আহমেদের চরিত্রে ফজলুর রহমান বাবুসহ অর্ধ শত অভিনয়শিল্পী।

যৌথ প্রযোজনায় নির্মিতব্য এ ছবির বাজেটের ৬০ ভাগ বাংলাদেশ ও ৪০ ভাগ দেবে ভারত।

শ্যাম বেনেগালের সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য করেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনায় থাক‌ছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত