দুই ভাইকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি মামলা

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫২ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ থেকে দুই ভাইকে ধরে নিয়ে টেকনাফে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশসহ ৫ পুলিশ সদস্যের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে চট্টগ্রামের একটি আদালতে।

বুধবার দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট কামরুন নাহারের আদালতে মামলাটি দায়ের করেন নিহতদের বোন জিনাত সুলতানা শাহীন। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে-  বরখাস্ত হওয়া টেকনাফ থানার ওসি টেকনাফ প্রদীপ কুমার দাশ, টেকনাফ থানার এসআই ইফতেখারুল ইসলাম, কনস্টেবল মাজহারুল, দীন ইসলাম, আমজাদসহ চন্দনাইশ থানার অজ্ঞাত আরও পাঁচ ছয়জনকে।

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (বিএইচআরএফ) আইনি সহায়তায় এই মামলাটি দায়ের করেন বাদী জিনাত সুলতানা শাহীন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান দেশ রূপান্তরকে বলেন, আট লাখ টাকার চাঁদার দাবিতে জিনাত সুলতানার দুই ভাইকে চন্দনাইশ থেকে মাদক ব্যবসায়ী বলে ধরে নিয়ে গিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়। এই অভিযোগে মামলাটি করা হয়। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে আনোয়ারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়,  ১৩ জুলাই বাদীর ভাই আজাদকে চন্দনাইশ পুলিশের সহায়তায় বাসা থেকে ধরে নিয়ে যান টেকনাফ থানার ওসিসহ অন্য পুলিশ সদস্যরা। এরপর ১৫ জুলাই বাদীর অপর ভাই ফারুকের বাসায় পুলিশ এসে তল্লাশি করে কিছু না পেয়ে তাকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায়। আট লাখ টাকা চাঁদা দাবি করে তাদের নামে মাদক মামলা দায়ের করে। পরে চাঁদ না পেয়ে আজাদ ও ফারুককে ক্রসফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত