লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদক বহনের সময় চিকিৎসকসহ দুজনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ।
আটকরা হলো রংপুর কোতোয়ালি থানার নিউ শালবন মিস্ত্রিপাড়ার চিকিৎসক এ জেড এম মোতাখখারুল ইসলাম হৃদয় (৩৭) ও আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খোঁচাবাড়ি সাকোয়ারপাড় এলাকার মঈনুল হোসেন (২৬)। চিকিৎসক এ জেড এম মোতাখখারুল ইসলাম হৃদয়ের কাছ থেকে উদ্ধার করা ভিজিটিং কার্ডে রংপুর প্রাইম মেডিকেল হসপিটালের সাবেক রেজিস্ট্রার (মেডিসিন) উল্লেখ রয়েছে। তবে তিনি বর্তমানে ওই প্রতিষ্ঠানে কাজ করেন না বলে পুলিশ জানিয়েছে।
আদিতমারী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আদিতমারী উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম দুর্গাপুর থেকে একটি চক্র প্রাইভেটকারে ফেনসিডিল পাচার করছে– এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল দুর্গাপুর ইউনিয়নের কালিরহাট বাজারে অভিযান চালায়। এ সময় সন্দেহ হলে একটি প্রাইভেটকার তল্লাশি চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত গাড়িটি জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
