প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় রোধ করতে হবে

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০২:৪৮ এএম

প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় ও অপচয় ঠেকিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অপচয়ের বিষয়ে আমরা প্রতিরোধ করব। উন্নয়ন প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় এবং অপচয় অবশ্যই রোধ করতে হবে। কাজ করতে গেলে অর্থের প্রয়োজন। সেক্ষেত্রে যা লাগবে তা খরচ করতে এক মিনিটও দেরি করবেন না। কিন্তু অপ্রয়োজনীয় ব্যয় করবেন না। কভিড-১৯ পরিস্থিতিতে সারা বিশ^ যেভাবে অভিযোজন করছে আমরাও সেভাবেই অভিযোজন করেই চলব। আর্থিক বিষয়টিতে সাবধান হতে হবে।

গতকাল বুধবার পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) শীর্ষক প্রকল্পের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কাজে মোট খরচ করা হবে ৩৬ কোটি ৬ লাখ ৭৪ হাজার টাকা। ২০১৯ সালের জুলাইয়ে শুরু হওয়া এ প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৩ সালের জুনে।

এম এ মান্নান বলেন, ‘প্রশাসনের দু-একটি সাধারণ বিষয় আপনাদের পুনরায় স্মরণ করিয়ে দিতে চাই। আমরা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি এখন করোনাজনিত কারণে। সারা বিশ্বই এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, সুতরাং ভয়ের ব্যাপার নয়। সারা বিশ্ব যেভাবে অ্যাডজাস্টমেন্ট করছে, আমরাও তাই করব। তাল মিলিয়ে চলব। তিনি বলেন, আমাদের ঘরের কিছু কাজ আছে। সেটা সুইডেনও করে  দেবে না, নরওয়েও করে দেবে না। আমাদেরকেই করতে হবে। আমরা কিন্তু ব্যয় করব, তবে জেনেশুনে। যেখানে প্রয়োজন, সেই ব্যয়টা পুরোটাই করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত