বাংলাদেশ-ভারতের মধ্যে অকৃত্রিম ও তুলনাহীন সম্পর্ক রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের পাশাপাশি আজ বাংলাদেশও তার অকৃত্রিম বন্ধুর প্রয়াণে রাষ্ট্রীয় শোক পালন করছে।’
গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘এটি ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ ছিল। তিনি সচিব মর্যাদায় পদোন্নতিতে দিল্লি যাচ্ছেন। এ পদোন্নতিতে আমার আন্তরিক অভিনন্দন।’এ সময় রীভা গাঙ্গুলি বলেন, ‘ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোকবার্তা পাঠিয়েছেন। প্রণব মুখার্জি বাংলাদেশের খুবই বড় বন্ধু ছিলেন।’ তিনি আরও বলেন, ‘আগামী বছর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ৫০ বছর। দুই দেশের সম্পর্ক অনেক প্রাচীন হলেও ২০২১ সালে কূটনৈতিক সম্পর্কেরও ৫০ বছর হবে। দুই দেশের অনেক ক্ষেত্র আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি।’
হাছান মাহমুদ বলেন, ‘হাইকমিশনার রীভা গাঙ্গুলির ঢাকা অবস্থানকালে আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে গত বছর থেকে প্রথমবারের মতো বিটিভি ভারতে দেখা যাচ্ছে। একই সঙ্গে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও সম্প্রচার হচ্ছে। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর ওপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘কভিডের কারণে এর কাজ আপাতত বন্ধ আছে। আমরা দ্রুতই দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের ওপর একটি ডকুমেন্টারি ফিল্মও শুরু করব।’
বৈঠক শেষে তথ্যমন্ত্রী ভারতের বিদায়ী হাইকমিশনারকে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক তিনটি গ্রন্থ ও আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা হস্তান্তর করেন। রীভা গাঙ্গুলি মন্ত্রীর হতে স্মৃতিস্মারক তুলে দেন।
