ব্যালন ডি’অরে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর টানা ১০ বছরের রাজত্ব ২০১৮ সালে ভেঙেছিলেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মদ্রিচ। ওই বছর বিশ্বকাপে দলকে ফাইনালে তোলা এবং ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ে অবদানের জন্য মদ্রিচ পেয়েছিলেন সেরার তকমা। সেই মদ্রিচ বলছেন, মেসির চলে যাওয়া লা লিগার মর্যাদা ক্ষুণ্ণ করবে।
মদ্রিচ লিওনেল মেসির মুখোমুখি হয়েছেন ২১ বার। তাই মেসি সম্পর্কে বেশ ভালো ধারণাই আছে তার। ‘যদি মেসি বার্সা ছাড়ে তাহলে সেটি লা লিগার মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করবে। তবে যদি সত্যিই সে চলে যায়, তাহলে কী আর করার! আমাদের সামনে এগিয়ে যেতে হবে। অন্য খেলোয়াড়রা তখন তারকা হবে।’ ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমান। তখন এক ধরনের শূন্যতা তৈরি হয়েছিল লা লিগায়। তবে মেসি থাকায় লা লিগার প্রতি আগ্রহ কমেনি কারও। রোনালদোর উদাহরণও টেনে মদ্রিচ বলেন, ‘রোনালদো যখন চলে গেল সেটিও লা লিগার মর্যাদাকে ক্ষুণœ করেছে। তবে তাকে ছাড়াই রিয়াল চলছে, বার্সার ক্ষেত্রেও একই জিনিস হবে মেসিকে ছাড়া।’ রোনালদো মাদ্রিদ ছাড়ার পর দুজন কোচ বরখাস্ত হন। জিদান দ্বিতীয় দফায় ফিরে এসে দলকে লিগ শিরোপা জিতিয়েছেন গেল মৌসুমে। মেসির বার্সা ছেড়ে চলে যাওয়া লা লিগায় ফের রিয়ালের আধিপত্য বিস্তারে সহায়তা করবে বলে মত অনেকের। চলতি মাসের ৯ তারিখে ৩৫-এ পা দেবেন মদ্রিচ। নিজ ক্লাব সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের তরুণ দল নেই, কিন্তু অভিজ্ঞ। আমাদের কিছু তরুণ খেলোয়াড় আছে, যারা দিন দিন ভালো করবে। জানি না নতুন খেলোয়াড় কেনা হবে কি-না। যেমন আছি তেমন থাকলেও আমাদের দলে যথেষ্ট কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় আছে।’ মদ্রিচের মতে, লা লিগায় সবচেয়ে বেশি পরিশ্রম করা দল রিয়াল মাদ্রিদ। আর জিদানকে তিনি বিশ্বের অন্যতম সেরা কোচ মনে করেন।
‘মেসির রিয়ালে যাওয়ার বুকের পাটা আছে?’
লুইস ফিগো, হ্যাভিয়ের স্যাভিওলা, মাইকেল লাউড্রপ, বার্ন সুস্টারদের পথ অনুসরণ করবেন লিওনেল মেসি? বার্সেলোনা থেকে যোগ দেবেন রিয়াল মাদ্রিদে?
রিয়ালের টনি ক্রুসকে এ সম্ভাবনার কথা জিজ্ঞাসা করা হলে জার্মান মিডফিল্ডার পরোক্ষ খোঁচাই মারলেন মেসিকে। ‘আমার মনে হয় না সে রিয়ালে আসবে কিংবা আসার মতো (মানসিক) সামর্থ্য তার আছে। এ জন্য বুকের পাটা থাকতে হয়। সম্ভবত পৃথিবীর কেউ মেসি ছাড়া বার্সেলোনা কল্পনাও করতে পারে না।’ ৩০ বছর বয়সী এই বিশ্বকাপজয়ী মনে করেন, বার্সা ছাড়লে ম্যানচেস্টার সিটিই মেসির জন্য হতে পারে আদর্শ জায়গা, ‘আমার মতে এটাই সেরা বিকল্প। কারণ তাদের আছে পেপ গার্দিওলা।’ মেসি বার্সা ছাড়লে রিয়ালের খেলোয়াড় হিসেবে মন খারাপ হবে না ক্রুসের। বরং প্রতিদ্বন্দ্বিতার জায়গা থেকে বিষয়টিকে সুবিধা হিসেবেই দেখছেন তিনি, ‘মেসি সর্বকালের অন্যতম সেরা। তার মাপের কোনো খেলোয়াড় আপনার চিরপ্রতিদ্বন্দ্বীর হয়ে খেলা বন্ধ করলে এটা পরিষ্কার যে সেটি খারাপ হবে না। মেসির বার্সেলোনা ছেড়ে যাওয়ার অর্থ হলো তাদের বড় একটা শক্তির ঘাটতি।’
