টাঙ্গাইলের মির্জাপুরে গত ২৪ ঘণ্টায় কুমুদিনী হাসপাতালের দুই চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের দুই কর্মীসহ নয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই উপজেলায় ৪৩৫ জন করোনা সংক্রমিত হলেন।
শুক্রবার সকালে এই তথ্য জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম।
নতুন শনাক্তদের মধ্যে রয়েছেন- কুমুদিনী হাসপাতালের এক চিকিৎসক (৪০) ও এক ইন্টার্ন চিকিৎসক (২৩), বহুরিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার কল্যাণ পরিদর্শিকা (৩৬) ও তার স্বামী (৪৮) এবং মহেড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক (৩৬)।
মির্জাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৫ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন। সুস্থ হয়েছেন ৩৭১ জন এবং বাকি ৫৮ জন নিজ বাড়ি ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমুদিনী হাসপাতালের সহকারী মহাব্যবস্থাপক (অপারেশন) অনিমেষ ভৌমিক বলেন, তাদের দুই চিকিৎসকই আবাসিক ভবনে আইসোলেশনে আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক বলেন, আক্রান্ত ব্যক্তিরা নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন।
