নারায়ণগঞ্জের তল্লা এলাকায় বাইতুছ সালাত জামে মসজিদের মেঝের নিচ দিয়ে যাওয়া তিতাস গ্যাসের লাইন (লিকেজ) থেকেই মসজিদের ভেতর গ্যাস জমে বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
তিনি বলেন, মসজিদের মেঝের নিচ থেকে তিতাস গ্যাসের একটি লাইন গিয়েছে। সেই লাইন থেকেই মসজিদের ভেতর গ্যাস জমে এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের সঠিক কারণ জানতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজ চলাকালে পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ৪০ জনেরও বেশি মুসল্লি দগ্ধ হয়েছেন। এ ঘটনায় ইতিমধ্যে ওই মসজিদের মোয়াজ্জিনসহ ১২ জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটেই ভর্তি আছেন ২৫ জন।
হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। দগ্ধ ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
