ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেই কাউন্টি দল সামারসেটের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলছেন বাবর আজম। সামারসেটের জার্সিতে রয়েছে অ্যালকোহল কোম্পানির লোগো। পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক দলকে জানিয়ে দিয়েছেন, তিনি অ্যালকোহল কোম্পানির লোগো ব্যবহৃত জার্সি পরবেন না।
সামারসেটের হয়ে প্রথম ম্যাচে বাবরের জার্সিতে একটি অ্যালকোহল কোম্পানির লোগো দেখা যায়। পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়কের জার্সিতে এই লোগো চোখে পড়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। পাকিস্তানিদের অনেকে নিন্দা জানান।
তবে জানা গেছে, আগেই নিজের অবস্থান ক্লাবের কাছে পরিষ্কার করে দিয়েছিলেন বাবর। জানিয়ে দেন, জার্সি গায়ে চাপিয়ে তিনি কোনো অ্যালকোহল ব্র্যান্ডের প্রচার করতে রাজি নন। তাই তার জার্সিতে যেন এমন কোনো লোগো ব্যবহার না করা হয়। ক্লাবের পক্ষ থেকে পাকিস্তানি তারকার আবেদন মেনেও নেওয়া হয়েছিল।
কিন্তু কথা হলো, তাহলে কীভাবে জার্সিতে ওই লোগো এল? সামারসেট জানিয়েছে, ভুলবশতই বাবরের জার্সিতে ওই লোগো থেকে গিয়েছিল। একই সঙ্গে ক্লাব নিশ্চিত করেছে, পরের ম্যাচের আগেই বাবরের জার্সি থেকে অ্যালকোহল ব্র্যান্ডের লোগোটি সরিয়ে দেওয়া হবে।
অবশ্য বাবরই প্রথম নন। এর আগে হাশিম আমলা, ইমরান তাহির, মইন আলি, আদিল রশিদসহ অনেক মুসলিম ক্রিকেটার অ্যালকোহল কোম্পানির প্রচার থেকে নিজেদের বিরত রেখেছেন।
