১৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আইপিএলের ১৩তম আসর। এবারের আইপিএল অবশ্য অন্য সববারের চেয়ে আলাদা। কারণ করোনাভাইরাস। সংক্রমণ থেকে বাঁচতে বায়ো-সিকিউর পরিবেশে হবে খেলা। তবে এরপরও বেশ কিছু তারকা এবারের আসর থেকে সরে দাঁড়িয়েছেন।
দেখে নেওয়া যাক আইপিএল থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিলেন যারা-
সুরেশ রায়না (চেন্নাই সুপার কিংস)
গত মাসে আইপিএল থেকে সুরেশ রায়নার সরে দাঁড়ানো এখন পর্যন্ত সবথেকে হাই প্রোফাইল ঘটনা। ৩৩ বছরের তারকা ক্রিকেটার দলের সঙ্গে দুবাই পৌঁছেছিলেন। তবে সেখান থেকেই হঠাৎ ব্যক্তিগত কারণ দেখিয়ে দেশে ফিরে আসেন। যদিও তিনি পরে জানান, দলের সঙ্গে যোগ দিতে পারেন।
হরভজন সিং (চেন্নাই সুপার কিংস)
চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে নিজেকে সরিয়ে নিয়েছেন হরভজন। তিনিও জানান, ব্যক্তিগত কারণে এবার আইপিএলে তিনি খেলতে পারবেন না। দলের দুই সিনিয়র ক্রিকেটার সরে দাঁড়ানোয় টুর্নামেন্ট শুরুর আগেই বেশ সমস্যায় চেন্নাই। হরভজনের অনুপস্থিতিতে ইমরান তাহির, পিযুষ চাওলা এবং মিচেল স্যান্টনারদের অতিরিক্ত ভূমিকা নিতে হবে।
জ্যাসন রয় (দিল্লি ক্যাপিটালস)
১.৫ কোটি রুপি ভিত্তিমূল্যে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন ইংল্যান্ডের তারকা ওপেনার জ্যাসন রয়। তবে কিছুদিন আগেই নেট অনুশীলনে চোট পান। পাকিস্তানের বিপক্ষে দেশের জার্সিতে টি-টোয়েন্টি সিরিজ খেলা হয়নি। আইপিএলেও খেলতে পারবেন না তিনি। ৩০ বছরের রয়ের জায়গায় দিল্লি নিয়েছে অস্ট্রেলিয়ান ড্যানিয়েল স্যামসকে।
কেন রিচার্ডসন (রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু)
গত ডিসেম্বরের নিলামে ৪ কোটি রুপিতে কেন রিচার্ডসনকে কেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে আইপিএল চলাকালীনই বাবা হচ্ছেন তিনি। স্ত্রীর পাশে থাকতেই এবার আইপিএল খেলবেন না রিচার্ডসন।
লাসিথ মালিঙ্গা (মুম্বই ইন্ডিয়ান্স)
আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল বোলার মালিঙ্গা। তবে ৩৭ বছর বয়সী তারকা খেলেছেন না এবারের টুর্নামেন্টে। ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম তুলে নিয়েছেন তিনি। তার পরিবর্তে মুম্বাই নিচ্ছে অজি তারকা জেমস প্যাটিনসনকে।
