কেরানীগঞ্জের কবরস্থান থেকে একাধিক লাশ চুরি

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:১৫ পিএম

ঢাকার কেরানীগঞ্জ  উপজেলার রুহিতপুর ইউনিয়নের মুগারচর কেন্দ্রীয় কবরস্থান থেকে একাধিক লাশ চুরির অভিযোগ উঠেছে। গত কয়েক দিন ধরে রাতে থেকে অন্তত ৪টি লাশ চুরি হওয়ার ঘটনা এলাকায় ছড়িয়ে পড়ে। লাশ চুরির ঘটনা এলাকাবাসীর নজরে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়।

কবরস্থান কমিটির সভাপতি আলহাজ্ব সোলাইমান জামান লাশ চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গত কয়েক দিন ধরে রাতে আমাদের কবরস্থান থেকে লাশ চুরি হয়ে যায় বলে লোক মুখে শুনতে পাই। পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে কবর খুঁড়ে লাশ চুরির সত্যতা মিলে।

স্থানীয় সোহেল মাহমুদ জানান, কয়েক দিন আগেও এই কবরস্থানে একাধিক কবর খুড়া অবস্থায় পাওয়া যায়। এভাবে একের পর এক লাশ চুরির বিষয়টি এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। আমরা আমাদের আত্মীয়স্বজনদের কবর নিয়ে দুশ্চিন্তায় আছি। 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজি মইনুল ইসলাম বলেন, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। লাশ চুরি হয়ে থাকলে এটি খুবই দুঃখজনক ঘটনা। কবরস্থান কমিটি ও এলাকাবাসীর সহায়তায় লাশ চুরি রোধে যা যা করণীয় সবই করবো।

উল্লেখ্য, কবরস্থানটিতে চর রুহিতপুর, পোড়া হাঁটি, পূর্ব ও পশ্চিম মুগারচর, কালিগঙ্গার পাড়, মুগারচর আশ্রয়ন প্রকল্পসহ আশপাশে কয়েকটি গ্রামের লাশ কবর দেওয়া হয়। কবরস্থানটি জনবসতির মাঝে অবস্থিত হওয়া সত্যেও কীভাবে লাশ চুরির ঘটনা ঘটছে তা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত