লিওনেল মেসির বার্সেলোনায় থাকা না থাকা প্রসঙ্গে নিজের মত প্রকাশ করতে গিয়ে ক্লাবটির সাবেক কোচ লুইস এনরিকে বলেছেন, খেলোয়াড়ের চেয়ে ক্লাব বড়। তার মতে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ডকে ক্লাব ছাড়ার অনুমতি দেওয়া উচিত।
বর্তমানে স্পেন জাতীয় দলের কোচের দায়িত্বে আছেন এনরিকে। রোববার উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে মেসি প্রসঙ্গ উঠে আসলে তিনি বলেন, “এটা স্পর্শকাতর একটি বিষয়।”
“আমি মনে করি, প্রত্যেক খেলোয়াড়ের চেয়ে ক্লাব বড়। বার্সেলোনা ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত এবং বিশ্বের অন্যতম সেরা ক্লাব। সারা জীবনই এই ক্লাব শিরোপা জিতে আসছে।”
“পরিষ্কারভাবে মেসি ও ক্লাবের মধ্যে ভালো একটি সম্পর্ক রয়েছে। লিও বার্সেলোনার মান-মর্যাদা বাড়িয়েছে। আমি খুব করে চাইব, এ ব্যাপারে যেন একটা মতৈক্যে পৌঁছানো যায়।”
এনরিকে ২০১৪-১৭ সময়ে বার্সেলোনার কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেসিকে ভালো করেই জানাশোনা তার। এই কোচের অধীনেই ২০১৫ সালে ট্রেবল শিরোপা ঘরে তুলে কাতালান ক্লাবটি।
স্প্যানিশ এই কোচ বলেন, “আগে হোক, পরে হোক মেসি বার্সেলোনায় খেলা থামাবে। ক্লাবও মেসিকে ছাড়া শিরোপা জয় অব্যাহত রাখবে।”
উল্লেখ্য, দশ দিন আগেই ফ্যাক্স বার্তায় বোমা ফাটান মেসি। তাতে বার্সেলোনার হর্তাকর্তাদের আর্জেন্টাইন এই ফরোয়ার্ড জানান, ক্লাব ছাড়তে চান তিনি। ফ্রি ট্রান্সফার ফিতে যেন তা ব্যবস্থা করা হয়।
এরপর বিষটি নিয়ে নানা টানাপোড়েনের পর শুক্রবার মেসি জানান না আপাতত কোথাও যাচ্ছেন না, আরও এক মৌসুম থাকছেন বার্সেলোনাতেই। তবে এ সিদ্ধান্ত নিজের ইচ্ছার বিরুদ্ধে নিতে হয়েছে বলে উল্লেখ করেন ছয়বারের বর্ষসেরা এই ফুটবলার।
