একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আজ রবিবার বসছে। তবে করোনা মহামারীর কারণে মাত্র চার কার্যদিবস বসার কথা রয়েছে। সংবিধানের ৬০ দিনের বাধ্যবাধকতার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এবারের অধিবেশনেও গণমাধ্যম কর্মীদের সরাসরি সংবাদ সংগ্রহের জন্য থাকছে না গণমাধ্যম পাস। সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রাজধানীর আগারগাঁওয়ে বেলা ১১টায় এই অধিবেশন বসবে।
এর আগে করোনা মহামারীর মধ্যেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৭ম অধিবেশন মাত্র এক কার্যদিবস ও ৮ম অধিবেশন মাত্র ৯ কার্যদিবসের মাধ্যমে শেষ হয়। ওই অধিবেশনগুলোতেও সংসদ সদস্যদের সংখ্যা সীমিত রাখা হয়েছিল। ৮ম অধিবেশনে ২০২০-২১ অর্থবছরের বাজেট পাস হয়েছিল।
সূত্র জানায়, করোনা সংক্রমণ রোধে করোনাকালীন আগের অধিবেশনগুলোর মতো এই অধিবেশনেও অধিবেশন সংখ্যা ও সংসদ সদস্যের উপস্থিতি সংখ্যা সীমিত করা হচ্ছে। এখন পর্যন্ত ৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর এই চার কার্যদিবস অধিবেশন চালানোর সিদ্ধান্ত হয়েছে। তবে প্রয়োজন হলে অধিবেশনের দিন বাড়ানো হতে পারে। প্রতিদিন ৭০-৯০ জন সংসদ সদস্য অধিবেশনে যোগ দেবেন। অসুস্থ এবং বয়স্ক সদস্যদের অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখা হবে।
সূত্র জানায়, করোনার বিষয়টি মাথায় রেখে করোনাকলীন সব স্বাস্থ্যবিধির বিষয়ে জোর দেওয়া হয়েছে। অধিবেশন কক্ষের আসন বিন্যাসও আগের দুটি অধিবেশনের মতো দূরত্ব বজায় রেখে করা হয়েছে।
