বরগুনার বামনা উপজেলার বিষখালী নদীতে ১৩২ মেট্রিক টন ইউরিয়া সার নিয়ে নোঙর করা একটি কার্গো ডুবে গেছে। গতকাল রবিবার ভোররাতে উপজেলার বামনা লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কার্গো চালক হিরণ মিয়া জানান, শনিবার বিকেল ৩টার দিকে বরিশাল থেকে সার বোঝাই করে রাত ১২টায় বামনা এলাকায় আসেন। নদীতে গুনের অপেক্ষায় বামনা লঞ্চঘাটের পন্টুনে কার্গো নোঙর করে রাখা হয়। জোয়ারের অপেক্ষায় এক সময় তিনি ও শ্রমিকেরা ঘুমিয়ে পড়েন। ভাটায় কার্গোর পেছনের অংশ তলিয়ে চরে আটকে যায়। ঘুম থেকে উঠে কার্গো থেকে ২৬৪০ বস্তা সারের মধ্যে ৬০/৭০ বস্তা সার তুলতে পারেন তারা। বাকিটা স্রোতের টানে নদীর গভীরে তলিয়ে যায়।
বামনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. খালেক জমাদ্দার বলেন, কার্গোর লোকজন ঘুমিয়ে থাকায় বুঝতে পারেননি কখন কার্গোর পেছনের অংশ ওজন বেশি থাকায় চরে আটকে ডুবে গেছে।
বরগুনা জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি ফেরদৌস জামান শাহিন সার বোঝাই কার্গো ডুবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভাই ভাই ট্রেডার্স এবং মিলন ট্রেডার্সের ২৬৪০ বস্তা ইউরিয়া সার নিয়ে কার্গোটি নদীতে ডুবে গেছে। এতে প্রায় ২২ থেকে ২৫ লাখ টাকার ক্ষতির সম্ভাবনা রয়েছে।’
