কালকিনিতে যুবলীগ নেতাকে হত্যা চেষ্টায় মেয়রসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১০:১৫ পিএম

মাদারীপুরের কালকিনিতে মো. রাসেল হাওলাদার নামের এক যুবলীগ নেতার উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই যুবলীগ নেতাসহ দুইজন গুরুতর আহত হয়েছে।

পরে থানা পুলিশের সহযোগীতায় স্থানীয় লোকজন আহতদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন। একজনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার দুপুরে এ হামলার ঘটনায় কালকিনি পৌর মেয়রসহ ৮জনকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। 

থানার অভিযোগ সূত্রে জানা যায়, পৌর এলাকার দক্ষিণ জনারদন্দী গ্রামের গৈজদ্দিন বয়াতীর ছেলে মো. ফরিদ বয়াতির বাড়িতে রবিবার সন্ধ্যায় ওই এলাকার যুব সমাজের উদ্যোগে বনভোজনে যাওয়ার জন্য একটি আলোচনা সভা চলছিল। এ সময় ওই আলোচনা সভায় পৌর যুবলীগের সদস্য মো. রাসেল হাওলাদার অংশগ্রহণ করেন। এ আলোচনা সভার খবর পেয়ে একই এলাকার এমারত হাওলাদার, স্বপন হাওলাদার, কালু হাওলাদার, দেলোয়ার হাওলাদার, সোহাগ বয়াতিসহ বেশ কয়েকজন যুবক মিলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর হামলা চালায়। এতে আহত হয় যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার ও ফরিদ বয়াতি।

আহত ফরিদ বয়াতীর অবস্থার অবনতি হলে তাকে প্রথমে বরিশাল সেবাচিম হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ হামলার ঘটনায় আহত যুবলীগ নেতা রাসেল হাওলাদার বাদী হয়ে একই এলাকার এমারত হাওলাদার, মেয়র এনায়েত হাওলাদার, স্বপন হাওলাদার, কালু হাওলাদার, দেলোয়ার হাওলাদার, ও সোহাগ বয়াতিসহ ৮ জনকে আসামী করে কালকিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পৌর যুবলীগের সভাপতি মাসুদ রানা জাপান বলেন, মো. রাসেল হাওলাদার পৌর যুবলীগের অন্যতম একজন সদস্য। তার উপর যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাই।

আহত যুবলীগ নেতা মো. রাসেল হাওলাদার অভিযোগ করে বলেন, আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে। তাই আমি মেয়র এনায়েত হোসেনসহ ৮জনের নামে থানায় অভিযোগ করেছি।

এ ব্যাপারে কালকিনি পৌর মেয়র মো. এনায়েত হোসেন এর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া য়ায়নি।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছির উদ্দিন মৃধা বলেন, যুবলীগ নেতা রাসেলের উপর হামলার খবর পেয়ে তাকেসহ দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার ঘটনায় ৮জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তবে এ বিষয় মামলা হবে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত