প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের নির্দেশ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ০২:০৮ এএম

প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় বন্ধের নির্দেশনা দিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, প্রকল্পের ব্যয় নির্ধারণের সময় বর্তমান প্রয়োজন ও ভবিষ্যৎ সম্ভাবনা বিচার করে অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।

গতকাল সোমবার শিল্প মন্ত্রণালয়ের প্রগতি টাওয়ার নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় নির্মিতব্য ভবনের আর্কিটেকচারাল প্ল্যান পর্যালোচনাপূর্বক চূড়ান্তকরণ সভায় প্রধান এসব নির্দেশনা দেন তিনি। শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

এ সময় প্রগতি টাওয়ার নির্মাণের জন্য ডিজাইনের কাজ দ্রুত শেষ করে নির্মাণকাজ শুরুর তাগিদ দেন শিল্পমন্ত্রী। সভায় বিদ্যমান ও সম্ভাব্য ভবিষ্যৎ চাহিদা এবং অর্থের সর্বোচ্চ ব্যবহার বিবেচনা করে ২৫ তলাবিশিষ্ট প্রগতি টাওয়ার ভবনের নকশা প্রণয়ন এবং এরই আলোকে প্রকল্পের ব্যয় নির্ধারণের সিদ্ধান্ত হয়।

রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ১৭৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রগতি ইন্ডাস্ট্রিজের নিজস্ব জমিতে তিনটি ভবনের ১৪ তলার বাণিজ্যিক ভবন কাম সার্ভিস সেন্টার নির্মাণ প্রকল্পটি ২০১৬ সালে নেওয়া হয়। প্রগতি ইন্ডাস্ট্রিজের নিজস্ব অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, প্রগতি টাওয়ার নির্মাণের ব্যয় পুনরায় পর্যালোচনা করা প্রয়োজন। প্রগতি টাওয়ারে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের কারখানাগুলোয় উৎপাদিত পণ্য প্রদর্শন এবং বিক্রয়কেন্দ্র স্থাপন করা হলে বাণিজ্যিকভাবে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং প্রগতি ইন্ডাস্ট্রিজ লাভবান হবে। ডিজাইন অ্যাসোসিয়েটসের স্থপতি আসিফ কাদের সভায় প্রগতি টাওয়ারের থ্রি-ডি আর্কিটেকচারাল ডিজাইন উপস্থাপন করেন। শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদ পরাগ, মো. হেলাল উদ্দিন, একেএম শামসুল আরেফীন, কাজী সাখাওয়াত হোসেন, ফৌজিয়া নাহার ইসলাম, প্রধান স্থপতি আ স ম আমিনুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান রইছ উদ্দিন, প্রকল্প পরিচালক দেবাশীষ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত