দিনাজপুরের হাকিমপুরের হিলিতে কৃত্রিম সংকট সৃষ্টি করে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে ও টিসিবিকে পেঁয়াজ সরবরাহ নিশ্চিত করতে স্থলবন্দরটির পেঁয়াজ আমদানিকারকদের সঙ্গে বৈঠক করেছে উপজেলা প্রশাসন ও টিসিবি।
প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। হিলি স্থলবন্দরের বিভিন্ন পেঁয়াজ আমদানিকারকেরা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমদানিকারকদের কৃত্রিম সংকট তৈরি পেঁয়াজের দাম না বাড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়া, দাম নিয়ন্ত্রণে প্রশাসনের পক্ষ থেকে অভিযানের কথা বলা হয়েছে। একই সঙ্গে হিলি স্থলবন্দর থেকে টিসিবি ৪শ টন পেঁয়াজ কিনবে উল্লেখ করে আগামী ১২ সেপ্টেম্বর সেই দরপত্র অনুষ্ঠিত হবে এবং তাতে আমদানিকারকদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন টিসিবির রংপুর-ময়মনসিংহ রিজওনাল অফিসের ডেপুটি ডাইরেক্টর শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, আমদানিকারক বাবলুর রহমান, মোবারক হোসেন, শহিদ উদ্দিনসহ অনেকে।
