এক্সচেঞ্জ পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা বেশি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:২৩ এএম

স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশি থাকে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পরিচালনা পর্ষদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। সিএসইর বিজ্ঞপ্তিতে বলা হয়, সিএসইর চেয়ারম্যান আসিফ ইব্রাহিমের নেতৃত্বে সংগঠনটির পর্ষদ গতকাল এসইসির চেয়ারম্যানের সঙ্গে সভা করেন।

এসইসি চেয়ারম্যান বলেন, স্টক এক্সচেঞ্জ কেন্দ্র করেই পুঁজিবাজারের সব কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। সে ক্ষেত্রে এক্সচেঞ্জ পর্ষদের কাছে বিনিয়োগকারীদের প্রত্যাশা সব সময়ই বেশি। পুুঁজিবাজারকে সামনে এগিয়ে নিতে এসইসির পক্ষ থেকে সিএসইকে নীতিগত সহযোগিতা দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন এসইসির কমিশনার খোন্দকার কামালুজ্জামান, অধ্যাপক শেখ শামসুদ্দিন আহমেদ, অধ্যাপক মিজানুর রহমান, মো. আবুল হালিম এবং নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মো. সাইফুর রহমান।

সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম বলেন, বাংলাদেশের সম্প্রতি অর্থনৈতিক অবস্থায় পুঁজিবাজারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। ইতিমধ্যে এসইসির সময়োপযোগী কিছু পদক্ষেপ পুঁজিবাজারে আস্থা আনতে বিশেষ ভূমিকা রেখেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত