সাংবাদিককে গলা কেটে হত্যা

ধামরাই যুবলীগ নেতা মোয়াজ্জেম বহিষ্কার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৯ এএম

বেসরকারি টেলিভিশন চ্যানেল বিজয় টিভির ধামরাই প্রতিনিধি ও ধামরাই প্রেস ক্লাবের সহসভাপতি জুলহাস উদ্দিনকে গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেনকে সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার মোয়াজ্জেমকে দল থেকে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান।

বহিষ্কৃত যুবলীগ নেতা মোয়াজ্জেম হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার আটিরচর গ্রামের বিষু ব্যাপারীর ছেলে। পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর দুপুরে ধামরাইয়ের বাড়বাড়িয়া বাসস্ট্যান্ডে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক জুলহাস উদ্দিনকে। ঘটনাস্থল থেকে তার ওপর হামলাকারী বহিষ্কৃত যুবলীগ নেতা মোয়াজ্জেম ও শাহীন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। এর পরদিন নিহত জুলহাসের বোন রিনা আক্তার বাদী হয়ে ধামরাই থানায় শাহীন ও মোয়াজ্জেমসহ পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

মোয়াজ্জেমকে বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আবদুর রাজ্জাক রাজা দেশ রূপান্তরকে বলেন, ‘কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার যুবলীগ বহন করবে না। যুবলীগ কোনো অপরাধ বা অপরাধীকে সমর্থন কিংবা প্রশ্রয় দেয় না।’

ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা দেশ রূপান্তরকে বলেন, ‘জুলহাস হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার শাহীন ও মোয়াজ্জেমকে চার দিনের রিমান্ডে আনা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।’

এদিকে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন নিহত সাংবাদিক জুলহাসের দুই সন্তান জান্নাতী (৬) ও শাহাদাতের (১১) লেখাপড়ার সব খরচ বহনের ঘোষণা দিয়েছেন। গত সোমবার স্থানীয় প্রেস ক্লাবের আয়োজনে সাংবাদিক জুলহাসের স্মরণসভা অনুষ্ঠানে উপস্থিত হয়ে জুলহাসের মা ও ছেলেমেয়েদের হাতে ২০ হাজার টাকা তুলে দেন তিনি। এছাড়া জুলহাসের দুই সন্তানের লেখাপড়ার খরচ প্রেস ক্লাবের সভাপতির মাধ্যমে নিয়মিত দেবেন বলেও জানান উপজেলা চেয়ারম্যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত