গোলের সেঞ্চুরি করা রোনালদোকে পেলের অভিনন্দন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২০, ০১:৪৫ পিএম

আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করার কয়েক ঘণ্টার মধ্যেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে।

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপের ম্যাচে সুইডেনের বিপক্ষে পর্তুগালের ২-০ ব্যবধানের জয়ের ম্যাচে দুই অর্ধে দুটি গোল করেন রোনালদো। তাতে জাতীয় দলের হয়ে তারকা এই ফরোয়ার্ডের গোল সংখ্যা দাঁড়ায় ১০১টি।

আর মাত্র আটটি গোল করতে পারলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা ইরানের কিংবদন্তি আলি দায়িকে স্পর্শ করবেন রোনালদো। পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকলে পর্তুগিজ এই ফরোয়ার্ড অচিরেই রেকর্ডটি নিজের করে নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

একশো গোলের মাইলফলক স্পর্শ করা রোনালদোকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জেতা পেলে- “আমি ভেবেছিলাম, আম আমরা তার ১০০ গোল উদ্‌যাপন করব। কিন্তু এটা এখন ১০১ হয়ে গেছে! অভিনন্দন ক্রিস্টিয়ানো, তোমার অভিযানের নতুন উচ্চতা স্পর্শের জন্য।”

সদ্য সমাপ্ত মৌসুমে জুভেন্তাসের হয়ে আবার সেরি আ শিরোপা জেতার পরও রোনালদোকে প্রশংসা করেছিলেন ব্রাজিলের হয়ে ৭৭টি গোল করা পেলে। সাবেক এই ফুটবলারের দৃষ্টিতে, ৩৬ বছর বয়সী রোনালদো আধুনিক এক অ্যাথলেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত