রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সেই নাভালনি কোমা থেকে ওঠার পর জার্মানির কাছে তার চিকিৎসা সংক্রান্ত তথ্য চেয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
নাভালনিকে বিষ প্রয়োগে হত্যার অভিযোগ ওঠার পর রাশিয়া দাবি করে আসছে, এমন কিছুর সঙ্গে প্রশাসন জড়িত নয়।
২০ আগস্ট সাইবেরিয়ার শহর তমস্ক থেকে রাজধানী মস্কোতে ফিরে আসার সময় বিমানের মধ্যে ৪৪ বছর বয়সী নাভালনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জরুরি ভিত্তিতে সাইবেরিয়ার ওমস্ক নামে আরেকটি শহরে অবতরণ করে বিমানটি। বিমানের ভেতরে ধারণ করা একটি ভিডিও ফুটেজে উচ্চ আওয়াজে গোঙানির শব্দ শোনা গেছে। বিমানের জানালা দিয়ে আরেকটি ফুটেজে দেখা যায়, ওমস্কের বিমানবন্দরে একটি স্ট্রেচারে করে নাভালনিকে অপেক্ষারত একটি অ্যাম্বুলেন্সের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে।
বুধবার বিবৃতির মাধ্যমে রাশিয়ান প্রশাসন বলেছে, ‘রাশিয়ার ডমেস্টিক ফ্লাইটে কফি পানের পর তার ঠিক কী হয়েছিল তা তথ্যের অভাবে আমাদের নিরাপত্তা বাহিনী জানতে পারছে না। আমরা জার্মানির কাছে বিস্তারিত তথ্য চেয়েছি। ’
জার্মান চিকিৎসকেরা জানিয়েছেন, নাভালনির শরীরে বিষাক্ত পদার্থ পাওয়া গেছে। তবে এখন মোটামুটি শঙ্কামুক্ত।
বার্লিনের চ্যারিটি হাসপাতাল মঙ্গলবার বিবৃতিতে বলেছে, ‘মি. নাভালনি মৌখিক উদ্দীপনায় সাড়া দিচ্ছেন। মারাত্মক বিষক্রিয়া থেকে সম্ভাব্য দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।’
