বলিউডের উঠতি তারকা ঈশান খট্টর ও অনন্যা পাণ্ডের ‘খালি পিলি’ ছবির টিজার মুক্তি পেয়েছে কয়েক সপ্তাহ আগেই। মুক্তির পর থেকেই রোষের মুখে ঈশান-অনন্যা। জাহ্নবি ও আলিয়ার পর এবার কোপ পড়েছে এই দুই স্টারকিডের উপর। ডিজলাইকে রেকর্ড গড়েছিল খালি পিলির টিজার।
এবার নতুন বিতর্কে জড়িয়ে সিনেমাটি। ৬ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘বিয়ন্সে শরমা জায়েগি’ শিরোনামে খালি পিলির একটি গান। নেটিজেনরা গানটি শুধু অপছন্দই করেননি, ট্রলের বন্যা বইয়ে দিয়েছেন রীতিমতো।
মূলত গানটির লিরিকস নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনরা। তাদের অভিযোগ, গানটিতে বর্ণবৈষম্য প্রকাশ পেয়েছে।
গানের ‘তুঝে দেখ কে গোরিয়া, বিয়ন্সে শর্মা জায়েগি’-এই বাক্য মেনে নিতে পারছেন না নেটিজেনের। মার্কিন গায়িকা বিয়ন্সের গায়ের রং নিয়ে কেন এমন বর্ণবিদ্বেষী লিরিক লেখা হলো- প্রশ্ন বিয়ন্সে ভক্তদের।
গানের ওই বাক্যটির অর্থ- ‘ও রে সুন্দরী, তোমাকে দেখার পর বিয়ন্সেও লজ্জা পাবে’। যাতে খেপেছেন মার্কিন গায়িকার ভক্তরা। তাদের দাবি, এটি বর্ণবৈষম্যমূলক গান।
ইতিমধ্যে ইউটিউবে গানটির ডিজলাইকের সংখ্যা ছয় লাখ পার হয়ে গেছে। ইউটিউবের কমেন্ট সেকশন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির বিরুদ্ধে ধিক্কার রব উঠেছে।
ভারতের বিয়ন্সে ভক্তরা এ জন্য লজ্জিত বলে টুইটারে পোস্ট দেন তারা। মার্কিন তারকার কাছে বলিউডের পক্ষ থেকে ক্ষমা চান সিনেমা সমালোচক, সাংবাদিক ও লেখক আসজাদ নাজির।
