করোনা সংকটে অন্য খাতের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতও নানা প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। এ অবস্থায় আর্থিক ও কানেকটিভিটি সেবাদানের মাধ্যমে এসএমই খাতের সম্ভাবনা বাস্তবায়ন এবং এর প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে প্রাইম ব্যাংক ও গ্রামীণফোন একটি পার্টনারশিপ করেছে।
প্রাইম ব্যাংক আয়োজিত ওয়েবিনারে গতকাল এ পার্টনারশিপের ঘোষণা দেওয়া হয়। গ্রামীণফোনের কমিউনিকেশনস প্রধান খায়রুল বাশারের সঞ্চালনায় ওয়েবিনারে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাহেল আহমেদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, ব্যাংকের এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ এম ওমর তৈয়ব এবং গ্রামীণফোনের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা কাজী মাহবুব হাসান।
এই পার্টনারশিপের মাধ্যমে গ্রামীণফোনের এসএমই গ্রাহকরা প্রাইম ব্যাংকের মাধ্যমে ওয়ার্কিং ক্যাপিটাল, সম্পদ ক্রয়ে টার্ম লোন, পুঁজি সংস্থান, এলসি, এলএটিআর, আইডিবিপি, ব্যাংক গ্যারান্টি, ওয়ার্ক অর্ডার ইত্যাদি সুবিধা পাবেন। এ ছাড়া ইলেকট্রনিক ট্রানজেকশন, ফ্রি ইন্টারনেট ব্যাংকিং, ডিপোজিটসহ নানা সুবিধা পাবেন। গ্রামীণফোনের এসএমই গ্রাহকরা বাসা বা অফিস থেকে প্রয়োজনীয় ঋণের আবেদন করতে পারবেন।
আইসিটি সল্যুশনের মাধ্যমে এসএমই প্রতিষ্ঠানের ডিজিটালকরণে আর্থিক প্রতিবেদন, আইসিটি সল্যুশন ও প্রোমোশনাল সাপোর্টসহ সেবা উন্নয়নের সুযোগ চিহ্নিত করার সঙ্গে কাজের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা হবে এ পার্টনারশিপের মাধ্যমে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেন, গ্রামীণফোন ও প্রাইম ব্যাংকের এই পার্টনারশিপ করোনার ক্ষতি পুষিয়ে এসএমই খাতকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। আমাদের মন্ত্রণালয় এ নিয়ে গ্রামীণফোন ও প্রাইম ব্যাংকের সঙ্গে কাজ করতে আগ্রহী। গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, এই অংশীদারত্ব এসএমই খাত আধুনিকায়ন ও করোনার কারণে ক্ষতিগ্রস্ত আর্থসামাজিক অবস্থা পুনর্গঠনে ভূমিকা রাখবে। এমএমই খাতের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে ও ভবিষ্যতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে এ খাতের প্রতিষ্ঠানগুলোকে আমাদের দক্ষতা দিয়ে সহায়তাদানের এখনই উপযুক্ত সময়। তাই এসএমই খাতের প্রতিষ্ঠানগুলোকে সহজ সল্যুশন প্রদানে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদারত্ব করে আমরা আনন্দিত।
প্রাইম ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাহেল আহমেদ বলেন, গ্রামীণফোনের মতো টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে ব্যাংক খাতের পার্টনারশিপে এমএসএমই খাত টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আমরা খুবই আনন্দিত গ্রামীণফোনের সঙ্গে পার্টনারশিপ করে। আমরা মনে করি এই যৌথ উদ্যোগ এমএসএমই খাত উন্নয়নে ভূমিকা রাখবে।
