সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন

গণমাধ্যমে প্রকাশিত খবর কতটা সঠিক জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০২:২৩ এএম

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যার বিষয়টি আদালতের নির্দেশে তদন্তাধীন। তাৎক্ষণিকভাবে আমরা একটা তদন্ত করেছিলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এই রিপোর্ট পর্যালোচনা করবে। যদি আদালত চায় আমরা দেব। তবে প্রতিবেদন নিয়ে পত্রিকায় কী এসেছে, তা কতটা ঠিক আমার জানা নেই। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালতের নির্দেশনায় যে তদন্ত চলছে তা শেষ হওয়ার আগেই এটা পত্রিকায় কীভাবে প্রকাশ হলো, সেটা আমার জানা নেই। যে প্রকাশ করেছে ও তথ্য সরবরাহ করেছে তারা কাজটি ঠিক করেনি। এ বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা তা দেখব। এ বিষয়টি নিয়ে আদালতে  তদন্ত চলছে। কাজেই এখানে আমরা কোনো রকমের মন্তব্য করব না, এটা আগেই বলেছি। আমরা এটাও বলেছি, আদালত যদি এই রিপোর্ট চায় তাহলে আমরা দেব। যাতে নিরপেক্ষ একটি প্রতিবেদন বিচারকদের কাছে যায়। সে জন্য যত ধরনের প্রচেষ্টা আমরা সেটা নেব। বর্তমানে আদালতের নির্দেশে র‌্যাব তদন্ত করছে। তাদের প্রতিবেদনের আগে কোনো রিপোর্ট বের হয়ে সেই তদন্তকে প্রভাবিত করুক এটা আমরা চাই না। এটা বিচারকরাও চান না।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সম্প্রতি আমাদের কাছে একটি তদন্ত প্রতিবেদন এসেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি এ রিপোর্ট পর্যালোচনা করবে। পরে আমরা কী করব সে সিদ্ধান্ত নেব। এটা পরিষ্কার যেহেতু তদন্তাধীন ও বিচারাধীন মামলা। বিচারক যদি মনে করেন তাদের বিচারকাজে এটা প্রয়োজন যদি তারা চান তাহলে আমরা এটা তাদের দেব। না চাইলে আমরা তাদের কাছে দিচ্ছি না। সিনহা হত্যা তদন্তের প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল তা কতখানি সত্য জানতে চাইলে তিনি বলেন, এ প্রতিবেদন কীভাবে প্রকাশ পেল সেটা আমার জানা নেই। এটা কতখানি সত্য বা কতখানি সত্য নয় এটা আমরা এখন বলতে পারব না। আমরা যেহেতু পড়িনি, আমরা পড়ব তারপর বলব এটা সত্য কি না। এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য একটি পত্রিকায় প্রকাশ পেল এতে আপনারা কোনো বিবৃতি দেবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা যে প্রকাশ করেছেন বা তথ্য সরবরাহ করেছেন আমি মনে করি কাজটি সঠিক করেননি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা এখনো চিন্তা করছি না। একটি স্বনামধন্য পত্রিকা যেহেতু লিখেছে প্রসঙ্গটা প্রকাশ পেয়েছে। আমরা দেখব এর সত্যতা কতখানি এবং কার মাধ্যমে তিনি পেয়েছেন। এছাড়া বিচারের আগেই কেন তিনি এটা প্রকাশ করলেন এটা আমাদের জানার বিষয় থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারের আগে তারা প্রকাশ করেছেন। তাদের কাছে তো চাওয়া হয়নি। আদালত তো কোনো পত্রিকার কাছে চাইবে না। আমাদের কাছে চাইবে আমরা পাঠিয়ে দেব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে  সেজন্য তদন্তের রিপোর্ট আমরা পর্যালোচনা করব। আমাদের করণীয় তাদের সুপারিশগুলো পরীক্ষা-নিরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলায় সরকারের অনুমতির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে সুস্পষ্ট আইন রয়েছে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে মামলা করতে হলে সরকারের অনুমতি নিতে হয়। সে অনুমতি না নিলে বিচার বিভাগ বিষয়টি দেখবে। আমাদের এখানে যদি কেউ এ বিষয় তুলে ধরেন তাহলে আমরা বিচার বিভাগের পরামর্শ নিয়েই যা কিছু করতে হয় করব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত