শিক্ষকের সঙ্গে অভিমান করে শিশুর আত্মহত্যা!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০৩:১০ এএম

বরিশালের আগৈলঝাড়ায় শিক্ষকের সঙ্গে অভিমান করে নুসরাত জাহান নোহা (১০) নামে এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত বুধবার দুপুরে উপজেলার খাজুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নোহা ওই গ্রামের সুমন মিয়ার মেয়ে। সে দারুল ফালাহ প্রি-ক্যাডেট একাডেমির তৃতীয় শ্রেণিতে পড়ত। এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন সুমন।

জানা যায়, করোনাভাইরাসের কারণে দারুল ফালাহ্ প্রি-ক্যাডেট একাডেমির ক্লাস বন্ধ ছিল। এক সপ্তাহ আগে ক্লাস শুরু করে স্কুলটি। গত ৫ সেপ্টেম্বর একাডেমি মাসিক পরীক্ষা নেয়। বুধবার দুপুরে ওই পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে নুসরাত অকৃতকার্য হওয়ায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম সুমন পাইক তাকে ক্লাস রুমে নিয়ে অন্য শিক্ষার্থীদের সামনে পেটায় এবং গালমন্দ করে। এ ঘটনায় নোহা বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। দুপুরে সবার অজান্তে ঘরের আড়ার সঙ্গে ওড়না ও গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নোহাকে মৃত ঘোষণা করেন।

আগৈলঝাড়া থানার ওসি আফজাল হোসেন বলেন, শিক্ষকের বকাঝকা এবং পেটানোর কারণে নোহা আত্মহত্যা করেছে এমন অভিযোগে মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত