নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নাঈমা খাতুন (৫) ও সানজিদা আক্তার (৪) নামে একই পরিবারের দুই শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। স্থানীয়রা দুই শিশুকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত দুই শিশু সম্পর্কে সম্পর্কে আপন ফুফু-ভাতিজি।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের চক লেংগুড়া এলাকায় নিহতের বাড়ির পাশে আ. রাজ্জাকের পুকুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতেরা হলো আব্দুল মজিদের মেয়ে নাঈমা খাতুন ও তার ছেলে আব্দুর রহমানের ঘরের দিকে নাতি সানজিদা আক্তার।
নিহত নাঈমার বাবা আব্দুল মজিদ পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সুন্দরী ঘাট এলাকার একটি মসজিদের ইমামতি করেন এবং সানজিদার বাবা আব্দুর রহমান ঢাকায় একটি গার্মেন্টেসে চাকরি করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ধারণা গোসলের জন্য শিশু দুটির পুকুরে গিয়েছিল। পরে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) জানান, দুপুর ১টার দিকে হাসপাতালে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়।
দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) মজিবর জানান, দুই শিশুর মরদেহ হাসপাতাল থেকে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনরা মৃতদেহ নিয়ে যেতে চাচ্ছে। সার্কেল এএসপিসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা নিহতের বাড়ি ও ঘটনাস্থলে গিয়েছেন।
দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী শিশু দুটির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। এসে পরবর্তীতে কী প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিষয়টি পরে জানানো যাবে।
