আ.লীগ নেতার মেয়ের বিয়ের আসর

অপহরণচেষ্টা ছাত্রলীগ নেতার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৪:১৭ এএম

পিরোজপুরে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিয়ের আসর থেকে কনেকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার এ অভিযোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তার সহযোগীদের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কনের বাবা পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন। তার ভাষ্য, গত শুক্রবার বিকেলে শহরের শিক্ষা অফিস সড়কে তার বাড়িতে এ ঘটনা ঘটে এবং এরপর সেই বিয়ে ভুন্ডুল  হয়ে যায়।

তবে কনেকে অপহরণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক। তার দাবি, তিনি তার এক বন্ধুর জন্য পারিবারিকভাবে বিয়ের বিষয়ে কথা বলতে গিয়েছিলেন। কিন্তু তার রাজনৈতিক প্রতিপক্ষ বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার আসর নামাজের পর নিজ বাড়িতে মেয়ের বিয়ের আক্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার ইন্দুরকানী উপজেলার বাসিন্দা বরপক্ষ আত্মীয়স্বজন নিয়ে বাড়িতে আসে। আক্দ শুরুর আগেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিরুজ্জামান অনিক কিছু সন্ত্রাসী নিয়ে বাড়িতে ঢুকে অনুষ্ঠান থেকে তার মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মেয়েকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় এবং পিস্তল বের করে ভয় দেখায়।

তিনি আরও বলেন, উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের বাধায় মেয়েকে অপহরণ করতে না পেরে বরপক্ষকে নানা হুমকি দেয় তারা। একজনের নাম উল্লেখ করে তার সঙ্গে ছাড়া অন্য কারও সঙ্গে মেয়েকে বিয়ে দিলে বরকে হত্যা করে লাশ গুম করা হবে বলেও তাকে হুমকি দেওয়া হয়। খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েপক্ষকে অভয় দেওয়ার চেষ্টা করে। এ ঘটনার পর পরই বরপক্ষের লোকজন বিয়ে বন্ধ করে ফিরে যায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) আবদুস সোবাহান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ আওয়ামী লীগের পৌরসভার ৫নং ওয়ার্ড সভাপতি ও কনের পিতা দেলোয়ার হোসেন থানায় দিয়েছেন। এ বিষয়ে ওসি আসার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত