প্রথমবার বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন কবীর সুমন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০৯:১১ পিএম

প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গীতিকবির কথায় গাইলেন উপমহাদেশের নন্দিত সংগীতশিল্পী কবীর সুমন। ‘যাচ্ছে জীবন’ শিরোনামের ভিনটেজ ধর্মী একটি চমৎকার গানে নিজেই সুর করে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের সংগীতের এই দিকপাল।

গীতিকবি এনামুল কবির সুজনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব ধ্রুব বসু। গতকাল গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

গান প্রসঙ্গে কবীর সুমন বলেন, ‘এই গানটি আমার এবং আমার খুব কাছের কয়েকজন ছাত্র-ছাত্রীর ভীষণ পছন্দ হয়েছে। আমি প্রত্যাশা করছি, গানটি আমার এবং এনামুল কবির সুজনের মাইলস্টোন গান হয়ে থাকবে।’

এ প্রসঙ্গে গীতিকবি এনামুল কবির সুজন বলেন, ‘এটি আমার জীবনের একটি স্মরণীয় ঘটনা ও বিশাল প্রাপ্তি। আমি কবীর সুমনের কাছে চির কৃতজ্ঞ যে, তিনি আমার একটি লেখা সানন্দে গ্রহণ করেছেন এবং এটিতে সুর ও কণ্ঠ দান করেছেন। আমি সত্যিই আপ্লুত।’

উল্লেখ্য, এনামুল কবির সুজন গীতিকবি সংঘের একজন সদস্য। এ পর্যন্ত তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রথীন্দ্রনাথ রায়, খালিদ (চাইম), কিশোর, আসিফ আকবর, কোনাল, কর্নিয়া, মাহাদী, স্বরলিপি, বেলাল খান, বাদশা বুলবুলসহ আরও অনেক শিল্পী। গান লেখার পাশাপাশি এনামুল কবির সুজন একজন বিনোদন ও আইটি উদ্যোক্তা হিসেবে স্বনামখ্যাত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত